নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে চাঁদার টাকা না পেয়ে একাধিক দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিসহ তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে।
হামলায় আহত হয়েছেন তিন ব্যবসায়ী মো. শাহেদ আলম, সোহাগ ও রাকিব।
পরে তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে শহরের উত্তর তেমুহনী সংলগ্ন কালি বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দেলোয়ার একই এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। অপর অভিযুক্তরা হলেন তার ছোট শাকিল ও ভাগিনা মুন্না।
ব্যবসায়ী শাহেদ আলমসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘ বছর ধরে লক্ষ্মীপুরের কালি বাজার সড়কে ব্যবসা করে আসছেন তারা।
হঠাৎ মঙ্গলবার দুপুরে মাদকাসক্ত দেলোয়ার পেট্রোলের বোতল নিয়ে ব্যবসায়ী শাহেদ আলমের ফুড ক্যামিকেল ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে মালামালের উপর পেট্টোল ছিটিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবী করে।
এসময় টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শাহেদ আলমের পাশে বসে থাকা কৃষ্ণ পাল নামে আরেক ব্যবসায়ীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে এবং টেনে হিঁচড়ে মারধর শুরু করে।
এসময় দোকানের কর্মচারী সোহাগ বাধা দিলে হামলা চালিয়ে কর্মচারীর পায়ে কামড় বসিয়ে দেয়।
শাহেদ আলম কর্মচারী সোহাগকে উদ্ধার করতে গেলে অভিযুক্ত দেলোয়ার ও তার ছোট ভাই শাকিল ও ভাগিনা দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ীদের উপর হামলা চালায়।
এতে তিন ব্যবসায়ী আহত হয়। পরে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় ঐদিন রাতে থানায় লিখিত এজহার দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহেদ আলম।
সেলুন ব্যবসায়ী জগদিশ বাবু ও কৃষ্ণ পাল অভিযোগ করে জানান, প্রথমে সেলুন দোকানে প্রবেশ করে দৈনিক ৫শ টাকা করে তাকে চাঁদা দিতে হবে বলে দাবী করে দেলোয়ার।
সেলুন ব্যবসায়ী জগদিস বাবু অপারগতা প্রকাশ করলে তাকে ও তার ছেলেকে মারধর করে ৫শ টাকা চাঁদা আদায় করে নেয় সে।
এরপর মোবাইল সার্ভিসে দোকানে ব্যবসায়ী কৃষ্ণ পালের কাছে দৈনিক ৫শ টাকা হারে চাঁদা দাবী করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে দোকানগুলোতে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টাসহ হামলা চালায় দেলোয়ার ও তার ভাই শাকিব। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন তারা।
ঘটনার পর অভিযুক্ত দেলোয়ার পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন বাজারে এ ধরণের ঘটনা পূর্বে কখনো ঘটেনি। মাদকাসক্ত দেলোয়ারের এ ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভূগছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এসব চাঁদাবাজদের গ্রেফতারপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা করি।
জানতে চাইলে লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শনক মো. ইব্রাহিম খলিল জানান, ৯৯৯ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন